মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে সংলাপই একমাত্র পথ: পাকিস্তান

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। একই সঙ্গে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (৯ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাতের পরিস্থিতি কারও স্বার্থেই নয়। এ কারণে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন সব ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
 
বিবৃতিতে বলা হয়, 'অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্য অর্জনে ধারাবাহিক সংলাপ, যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই।'

পাকিস্তান আরও বলেছে, ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় সংশ্লিষ্ট সব পক্ষের নিজ নিজ অঙ্গীকার বাস্তবায়ন করা উচিত। দেশটি এই সমঝোতা স্মারককে পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং অঞ্চলসহ বৃহত্তর পরিসরে যৌথ সমৃদ্ধির জন্য একটি দৃঢ় ভিত্তি হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান ভবিষ্যতেও গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে।