সিন্ধুর পানি নিয়ে ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম

সিন্ধু নদের পানি বণ্টন ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা আরও বাড়ছে। পাকিস্তানের সেনাবাহিনী দেশটির পানির ‘ন্যায্য হিস্যা’ নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে। একই সঙ্গে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও বলেছেন, প্রয়োজন হলে ভারতকে মোকাবিলায় যুদ্ধ করতেও প্রস্তুত ইসলামাবাদ। 

মঙ্গলবার (৬ জুলাই) পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৭৬তম কোর কমান্ডারস সম্মেলনে সিন্ধু পানি চুক্তির আওতায় পাকিস্তানের প্রাপ্য পানি নিশ্চিত করতে সরকারের নির্দেশনা অনুযায়ী সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করা হয়েছে। 

গত বছর পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে পানি ইস্যুতে উত্তেজনা বাড়তে থাকে।

এক সমাবেশে দেওয়া বক্তব্যে বিলাওয়াল ভুট্টো জারদারি অভিযোগ করেন, ভারত সিন্ধু নদের পানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। তিনি বলেন, "সিন্ধু পানি চুক্তির বিষয়ে কোনো আপস হবে না। প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ করতেও আমরা প্রস্তুত।"

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত সপ্তাহে বলেন, সীমান্তপারের সন্ত্রাসবাদে পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকায় সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে। পাকিস্তানকে বিশ্বাসযোগ্য ও স্থায়ীভাবে সন্ত্রাসে সমর্থন বন্ধ করতে হবে বলেও জানান তিনি।

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির আওতায় রাভি, বিয়াস ও শতদ্রু নদীর পানি ভারতের নিয়ন্ত্রণে এবং সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর পানি পাকিস্তানের জন্য নির্ধারিত। পাকিস্তানের কৃষির প্রায় ৮০ থেকে ৯০ শতাংশই এই নদী ব্যবস্থার ওপর নির্ভরশীল। ফলে চুক্তি স্থগিত হওয়ায় দেশটির পানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত