মিসর ম্যাচে 'ডাকাতি হয়েছে'- মামদানির মন্তব্য ভাইরাল

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে মিসরের বিতর্কিত ৩-২ গোলের হারের পর দলটির পাশে দাঁড়িয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানী। ম্যাচটিতে আফ্রিকান দল মিশরকে "ডাকাতি" করে হারানো হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি, যা ফুটবল বিশ্বে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়েছে।

টানটান উত্তেজনার এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ১৫ মিনিটে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও লিওনেল মেসির জাদুকরী নৈপুণ্যে দুর্দান্ত ঘুরে দাঁড়ায় এবং ৩-২ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। মোহাম্মদ সালাহদের এই বিদায়ের পেছনে ম্যাচ অফিশিয়ালদের কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা চলছে।

নিউ ইয়র্ক সিটির বাসের গতি বাড়ানোর উদ্যোগ 'নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস'-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করেই বিশ্বকাপের এই বিতর্ক টেনে আনেন মেয়র মামদানী। দ্রুতগতির বাস সার্ভিস চালু হলে নিউ ইয়র্কবাসীরা কীভাবে উপকৃত হবেন এবং কতটা সময় বাঁচাতে পারবেন—তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি রসিকতার ছলে এই মন্তব্য করেন।

মামদানী বলেন, "বাসের গতি বাড়লে ছয় মাসের মধ্যে আপনারা বাসে ২৪ ঘণ্টা কম কাটাবেন। বছর ঘুরতেই যাতায়াতের সময় থেকে দুই দিনেরও বেশি সময় বেঁচে যাবে। এর মানে হলো পরিবারের সাথে সকালের নাস্তা করার সুযোগ পাওয়া, সন্তানের লিটল লিগ খেলায় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তর্ক করার সময় পাওয়া, কিংবা ঘুমানোর আগে সময়মতো বাড়ি ফেরা।"

এরপরই উপস্থিত জনতার তুমুল করতালির মধ্যে তিনি যোগ করেন, "এর মানে হলো—মিসরের সাথে যে ডাকাতি করা হয়েছে, তা নিয়ে বন্ধুদের সাথে বসে আড্ডা দেওয়ার বা একমত হওয়ার মতো বাড়তি সময় পাওয়া। সর্বোপরি, এটি নিউ ইয়র্কবাসীদের কাছে তাদের মূল্যবান সময় ফিরিয়ে দেওয়া।"

উল্লেখ্য, প্রায় ৪০ হাজার মিসর বংশোদ্ভুত নিউইয়র্ক রাজ্যে বসবাস করে, তার ৩৪ হাজারই থাকেন মেট্রো নিউইয়র্ক সিটি এরিয়ায়।