অভিবাসী চোরাচালান, মানবপাচার এবং সংঘবদ্ধ অপরাধ দমনে নতুন নিষেধাজ্ঞা কাঠামোর প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রস্তাবিত ব্যবস্থার আওতায় অপরাধীদের সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেয়েন এক বিবৃতিতে বলেন, 'আমাদের সবার লক্ষ্য একটাই মানবপাচারকারী ও অভিবাসী চোরাকারবারিদের এই ব্যবসা বন্ধ করা এবং উন্নত জীবনের স্বপ্নে ঝুঁকি নেওয়া হাজারো মানুষের জীবন রক্ষা করা।'
তিনি আরও বলেন, 'ইউরোপে কে আসবে এবং কোন পরিস্থিতিতে আসবে, সে সিদ্ধান্ত ইউরোপকেই নিতে হবে।'
তবে এই প্রস্তাব কার্যকর হতে হলে ইউরোপীয় কাউন্সিলের সর্বসম্মত অনুমোদন প্রয়োজন হবে।
এদিকে, ইউরোপে অভিবাসন নীতি নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এ প্রস্তাব এসেছে। গত মাসে ইউরোপীয় পার্লামেন্ট অভিবাসন নীতিতে বড় ধরনের সংস্কারের একটি প্রস্তাব অনুমোদন করে। এতে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করা এবং ইইউর বাইরের দেশে অভিবাসীদের জন্য আটককেন্দ্র স্থাপনের সুযোগ রাখা হয়েছে।
তবে এ পদক্ষেপের সমালোচনা করেছে ফ্রান্স ও স্পেনসহ কয়েকটি দেশ। সমালোচকদের মতে, প্রস্তাবিত নীতিমালা অত্যন্ত কঠোর এবং এটি আশ্রয়প্রার্থীদের সুরক্ষার অধিকারকে দুর্বল করতে পারে।