ফ্রান্সে প্রতি বছর মুসলিমদের উদ্যোগে আয়োজিত হয় বার্ষিক সমাবেশ। চার দশকের ঐতিহ্য বহন করা এই সমাবেশে দেশ-বিদেশ থেকে হাজারো মুসলিম অংশ নেন। কিন্তু চলতি বছরের এপ্রিলে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বহু প্রতীক্ষিত এই আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ ফরাসি কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত দেশটির আদালত এই নিষেধাজ্ঞা স্থগিত করে দেয়।
ঘটনাটি দেশটির ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও মুসলিমদের অধিকার নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দেয়।
আরব নিউজের বরাতে জানা যায়, সমাবেশের আয়োজক সংগঠনের প্রধান মাখলুফ মামেশ প্রশাসনের সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘নিরাপত্তার অজুহাতে একটি দীর্ঘদিনের শান্তিপূর্ণ ধর্মীয় আয়োজন বন্ধ করে দেওয়া মুসলিমদের জন্য হতাশাজনক।’
মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, লে বোর্জেট প্রদর্শনী কেন্দ্রে ৩ থেকে ৬ এপ্রিল অনুষ্ঠিতব্য এই সমাবেশটি নিয়ে পুলিশ প্রশাসন হঠাৎ নিষেধাজ্ঞা জারি করলে আয়োজক সংগঠন ‘মুসলিমস ডি ফ্রান্স’ আইনি লড়াইয়ের পথ বেছে নেয়। প্যারিসের প্রশাসনিক আদালত জরুরি ভিত্তিতে শুনানি শেষে রায় দেয়, সমাবেশ করার স্বাধীনতা একটি মৌলিক অধিকার। আদালত নিষেধাজ্ঞাটিকে অসামঞ্জস্যপূর্ণ ও ভিত্তিহীন ঘোষণা করে। এই আইনি জয়ের ফলে নির্ধারিত সময়েই সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়।
ফ্রান্স কর্তৃপক্ষ জানায়, সে সময় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ছিল অত্যন্ত সংবেদনশীল। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, দেশে সন্ত্রাসী হামলার উচ্চ সতর্কতা এবং সম্ভাব্য জননিরাপত্তা ঝুঁকির কারণে এত বড় জনসমাগম নিরাপদ নয় বলে মনে করা হয়।
পুলিশের নিষেধাজ্ঞার আদেশে আরও উল্লেখ করা হয়, উগ্র ডানপন্থি কয়েকটি গোষ্ঠী সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি বা হামলার চেষ্টা করতে পারে। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায়নি। এর আগে প্যারিসে একটি ভবনে বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ হওয়ার ঘটনাও নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।