ভোলায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের দাবি, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গাজীপুর রোডের সরকারি দীঘির পাড় এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আব্দুল আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মো. জামাল উদ্দিন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার জামাল উদ্দিন ভোলার দৌলতখান উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের দিদারুল্লাহ এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভোলাজুড়ে মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।