চট্টগ্রামে বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত আমির

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে চট্টগ্রাম এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। শুক্রবার (১০ জুলাই) সকালে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রাম আসেন তিনি।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াব। বিশেষ করে নিহত পরিবারগুলোর পাশে আমরা দাঁড়ানোর চিন্তা করছি। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আমরা যতটুকু পারি দলীয় অবস্থান থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সংশ্লিষ্ট সকল সংগঠনকে নির্দেশ দিয়েছি এবং থেকে এটা সমন্বয় করছি।

দেশের চারটি বিভাগে মূলতঃ এ সমস্যা দেখা দিয়েছে। চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ। বাকি বিভাগগুলো এতটা ঝুকিপূর্ণ নয়। এ চারটা বিভাগের অবস্থা ক্রমশঃ খারাপের দিকে যাচ্ছে। তবে রংপুর বিভাগ বেশি হুমকিতে পড়বে যদি তিস্তার ওই দিক থেকে সব বাঁধ খুলে দেওয়া হয়। ইতিমধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি।

আমরা জানি প্রজেক্টটা অনেক বড়, সময় লাগবে। কিন্তু আন্তরিকভাবে এ কাজের শুরু হোক দৃশ্যমানভাবে- জনগণ এটা দেখতে চায়।

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী দেশ রূপান্তরকে বলেন, জামায়াত আমির ডা. মো. শফিকুর রহমান শুক্রবার সারাদিন চট্টগ্রাম অবস্থান করবেন। তিনি বাঁশখালী উপজেলাসহ নগরী ও জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।