পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমি তালি দেওয়ার কিংবা তালি পাওয়ার জন্য রাজনীতি করি না। আমি রাজনীতি করি জনগণের জন্য। আপনাদের প্রয়োজনে, আপনাদের দুর্দিনে পাশে থাকার রাজনীতি করি।
শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ চৌধুরীপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণকালে তিনি এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমি দল-মত নির্বিশেষে সবার প্রতিনিধি। তাই সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা উচিত নয়। আগুন লাগার সময় তো আগুন দেখেনি কে বিএনপি, কে জামায়াত কিংবা কে অন্য কোনো দলের।
তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সরকারি সহায়তা বিতরণে কোনো ধরনের আত্মীয়প্রীতি বা পক্ষপাতিত্ব করা যাবে না। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত ও সহায়তা পাওয়ার যোগ্য, তাদের হাতেই সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে।
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বোদা ও দেবীগঞ্জ উপজেলার কোনো মসজিদ, মন্দির কিংবা গির্জা আমার অনুদানের বাইরে থাকবে না।
বর্তমান সরকারের আমলে আগামী পাঁচ বছরের মধ্যে এ অঞ্চলের কোনো কাঁচা রাস্তা থাকবে না। সব রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণ করা হবে।নদীভাঙন প্রতিরোধে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এক ছটাক জমিও যেন নদীগর্ভে বিলীন না হয়, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, আমরা তা করব।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের সদস্যদের মাঝে সরকারি সহায়তা হিসেবে প্রত্যক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা এবং এলাকাবাসী।