আনোয়ারায় সেই শিশুর পরিবারের পাশে উপজেলা প্রশাসন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৃষ্টির পানিতে ডুবে মারা যায় মো. ইশতিয়াক নামে ৬ বছর বয়সী এক শিশু। এবার সেই শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে শিশুটির পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের হাতে আর্থিক সহায়তাসহ শুকনো খাবার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।

এ সময় ইউএনও শোকসন্তপ্ত পরিবারটিকে সান্ত্বনা দেন, পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে পরিবারের ছোট শিশুদের নিরাপদে রাখার জন্য সচেতন থাকার অনুরোধ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফিসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া গ্রামের হাসান সর্দ্দারপাড়া এলাকায় বাড়ির পাশের পানিতে তলিয়ে থাকা একটি জমিতে ডুবে মৃত্যু হয় শিশু মো. ইশতিয়াকের।