চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতির মাঝেই ঢলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা ও ৩নং ওয়ার্ডের রত্নপুর এলাকায় পৃথক দুটি ঘটনায় এই নিহতের ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের প্রবাসী মোহাম্মদ কামালের পুত্র মোহাম্মদ আশিক (৮) এবং ৩নং ওয়ার্ডের রত্নপুর এলাকার মোহাম্মদ মিরাজ (৬)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামে প্রবাসী মোহাম্মদ কামালের বাড়ির উঠানে বন্যার পানি থৈ থৈ করছিল। এ সময় আকস্মিকভাবে তীব্র পানির স্রোতে ভেসে যায় ৮ বছর বয়সী শিশু মোহাম্মদ আশিক। পরিবারের সদস্যরা টের পেয়ে তাৎক্ষণিক অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত গুনাগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু আশিককে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক জানান, বাহারছড়া এলাকায় বন্যার পানিতে ডুবে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। বন্যা কবলিত এলাকায় সর্বসাধারণকে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিরাপত্তার বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁশখালীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সাধারণ মানুষকে সচেতন থাকার এবং শিশুদের একা পানির আশেপাশে না ছাড়ার আহ্বান জানিয়েছেন।
সার্বিক বন্যা পরিস্থিতি : ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা