৩২২ এমপির সমর্থন

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন অ্যান্ডি বার্নহ্যাম। লেবার পার্টির অধিকাংশ সংসদ সদস্য (এমপি) তার প্রতি সমর্থন জানানোয় দলটির নতুন নেতা হিসেবে তার নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) মনোনয়ন প্রক্রিয়ার প্রথম দিনেই ৪০৩ জন লেবার এমপির মধ্যে ৩২২ জনের সমর্থন পেয়েছেন বলে জানিয়েছেন বার্নহ্যাম। ফলে একমাত্র প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন থেকে তিনি মাত্র একটি মনোনয়ন দূরে রয়েছেন।

লেবার পার্টির নেতৃত্বের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আগামী বৃহস্পতিবার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নেতা হিসেবে বার্নহ্যামের নাম ঘোষণা করা হবে। এরপর ২০ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

বার্নহ্যাম ৩২৩টি মনোনয়ন নিশ্চিত করতে পারলে অন্য কোনো প্রার্থীর পক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় ৮১ জন এমপির সমর্থন পাওয়া সম্ভব হবে না।

লেবারের কয়েকজন এমপি জানিয়েছেন, বৃহস্পতিবার তারা ভোট দিতে পারেননি। তবে সোমবার পার্লামেন্টে ফিরে তারা বার্নহ্যামের পক্ষেই সমর্থন দেবেন।

এদিকে, গত বুধবার রাতে সাবেক জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী আল কার্নস ঘোষণা দেন যে তিনি বার্নহ্যামের বিরুদ্ধে প্রার্থী হবেন না, এতে বার্নহ্যামের নেতৃত্বের পথ আরও সুগম হয়। 

গত মাসে লেবার নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেন। মে মাসে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে দলের হতাশাজনক ফলাফলের পর দলীয় এমপিদের মধ্যে নেতৃত্ব ও নীতিগত পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।