টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

টাঙ্গাইলের ধনবাড়ীতে  যাত্রীবাহী বাসচাপায় রিতা আক্তার নামে এক মোটরবাইকের আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে নল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হন।

নিহত নারী রিতা আক্তার (৫০) ভূঞাপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের সাখাওয়াত হোসেনের স্ত্রী।

আহতরা হলেন নিহতের স্বামী সাখাওয়াত হোসেন (৬০) ও ছেলে আরিফ (২৫)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, দুপুরে সাখাওয়াত হোসেন স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেরে করে ভূঞাপুর থেকে জামালপুরে যাচ্ছিলেন। পথে নল্যা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রিতা আক্তার নিহত হন। এঘটনায় সাখাওয়াত হোসেন ও তার ছেলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।