সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত, প্রাণে বাঁচল দুই শিশু

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০২:২৩ এএম

সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর বাজার সংলগ্ন এলাকায় যমুনা লাইন পরিবহনের ধাক্কায় রুমি আক্তার (২৯) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমি আক্তার উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে এবং খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল বেতাগ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, আঠারোমাইল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ‘যমুনা লাইন’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২৬৯০) এবং তালা থেকে আঠারোমাইলের দিকে যাওয়া একটি মোটরভ্যান শাহাপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরভ্যানে থাকা রুমি আক্তার ছিটকে রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় মোটরভ্যান চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে রুমি আক্তারের সঙ্গে ভ্যানে থাকা দুই শিশু ছিটকে পড়লেও তারা অলৌকিকভাবে অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পায়।

এ ঘটনার পর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে তালা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক বাসটিকে আটকসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত