বাগাতিপাড়ায় ৩৬৫পিস ইয়াবাসহ দুইজন আটক

নাটোরের বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল। শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার মালঞ্চি বাজার চার রাস্তার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলো উপজেলার দয়ারাপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের এসকেন মন্ডলের ছেলে আনোয়ার (৪৪) ও বাগাতিপাড়া পৌরসভার টুনিপাড়া মহল্লার মৃত জাফর মোল্লার ছেলে নাসির উদ্দিন (৩৯)।

জানা যায়, শুক্রবার মাদক দ্রব্য (ইয়াবা) বিক্রির উদ্দেশ্যে দুই মাদক কারবারি বাগাতিপাড়ার মালঞ্চি বাজার এলাকায় অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের এক আভিযানিক একটি টিম।

অভিযানে মালঞ্চি বাজারের ব্যবসায়ী এজার দোকানের সামনে আনোয়ার ও নাসির উদ্দিন নামে দুইজনকে সন্ধেহজনক ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে শরীর তল্লাশী করে আনোয়ারের কাছে থেকে ৩৬৫ পিস ইয়বা উদ্ধার করে।

এ সময় কালো রঙের একটি ১৫০ সিসি পালসার মোটোরসাইকেল জব্দ করা হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, দুই মাদক কারবারির বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা এজাহার মামলা হিসেবে রুপান্তর করে শনিবার (১১ জুলাই) তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।