পটিয়ায় বন্যাদুর্গতদের পাশে এমপি এনামুল হক

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের পটিয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১২ আসনের (পটিয়া) সংসদ সদস্য এনামুল হক এনাম। এসময় নিরাপদ আশ্রয়ে থাকা শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার ঈশ্বরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এমপি এনামুল হক এনাম। এ সময় আশ্রয় নেওয়া নারী, শিশু ও প্রবীণদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। পরে তাদের হাতে শুষ্ক খাবার ও রান্না করা খাবার তুলে দেন।

খাদ্য বিতরণ শেষে এমপি এনামুল হক এনাম বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের পাশাপাশি আমরা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব। কেউ যেন খাদ্য বা প্রয়োজনীয় সহায়তার অভাবে কষ্ট না পায়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন্যাকবলিত বিভিন্ন এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণসামগ্রী ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, বিএনপি নেতা ও চেয়ারম্যান শফিকুল ইসলাম, তৌহিদুল আলম ও মঈনুল আলম ছোটনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।