খুলনা নগরীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২

খুলনা মহানগরীর লবণচরায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-৬। শুক্রবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে লবণচরা থানার হরিণটানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটক হওয়া সন্ত্রাসীরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া জেলার মাদারশি গ্রামের শাহজাহান হওলাদারের ছেলে মো. শুক্কুর হাওলাদার (৩৫) ও লবণচরা থানার হরিণটানা এলাকার বাসিন্দা আমির খানের ছেলে মো. ইমরান খান (৩৭)।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে জানা গেছে, গত এক মাসে নগরীর লবনচরা এলাকায় একাধিক খুনের ঘটনা ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে। উদ্ধার করেছে অসংখ্য অস্ত্র ও গুলি।

র‍্যাব-৬ জানায়, অভিযানের সময় ইমরান খানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় এসব আলামত জব্দ করা হয়।
 
র‍্যাবের প্রাথমিক যাচাইয়ে জানা গেছে, গ্রেপ্তার হওয়া শুক্কুর হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানায় এবং ইমরান খানের বিরুদ্ধে খুলনার বটিয়াঘাটা থানায় একাধিক মামলা রয়েছে।
 
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দুই আসামি ও উদ্ধারকৃত আলামত লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৬।