মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীতে লেজুড়বৃত্তির কোনো সুযোগ নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কোনো ধরনের দলীয় লেজুড়বৃত্তির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই দ্বীন কায়েমের আন্দোলনের দাওয়াত দিয়ে থাকে।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল-শাহজাহানপুর অঞ্চল এই শিবিরের আয়োজন করে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দ্বীন কায়েমের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা মুমিনের জন্য নামাজ, রোজা, হজ্জ ও যাকাতের মতোই আবশ্যকীয় কর্তব্য।

নির্বাচন কমিশনের একটি প্রসঙ্গের কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী যখন দলীয় নিবন্ধনের আবেদন করেছিল, তখন নির্বাচন কমিশন ‘রুকন’ শব্দের পরিবর্তে ‘সদস্য’ শব্দ ব্যবহারের প্রস্তাব দিয়েছিল। তারা আসলে রুকন ও সদস্য পদের মধ্যকার মৌলিক পার্থক্যটি বুঝতে পারেনি। একজন রুকন আল্লাহর কাছে শপথবদ্ধ থাকেন এবং আল্লাহ নিজেই রুকনদের মর্যাদা ও সম্মান দান করেন।

ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও মতিঝিল-শাহজাহানপুর জোনের পরিচালক শামছুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।