বললেন নাহিদ ইসলাম

ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই শেখ হাসিনা দেশে ফিরবেন

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তা ফাঁসির রায় কার্যকরের প্রক্রিয়ার অংশ হিসেবেই হবে। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে রায় হয়ে গেছে এবং এখন সরকারের দায়িত্ব যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ (এমএসএমই) দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী আশিকিন আলম। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তারা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্যে নাহিদ ইসলাম বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার একটি সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, আমরা দেখেছি যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশ তো অলরেডি ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরাও চাই দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, তিনি কীভাবে আসবেন, কাদের নিয়ে আসবেন, আত্মসমর্পণ করবেন কি না, এসব সিদ্ধান্ত শেখ হাসিনা নেবেন না। বিষয়টি বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে। এ নিয়ে সরকারকে দিল্লির সঙ্গে আলোচনা করতে হবে এবং কখন, কীভাবে তাকে দেশে আনা হবে ও বিচারিক রায় কার্যকর করা হবে, সে বিষয়ে সরকারই সিদ্ধান্ত নেবে।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা দেশের স্থিতিশীলতার জন্য বড় একটি উদ্যোগ হবে। সরকারের দ্রুত এ রায় কার্যকর করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি অন্য কোনো পরিকল্পনা করা হলে তা কারও জন্যই ভালো হবে না বলে সতর্ক করেন।

জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিরা রাজনৈতিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন বলেও জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো চেষ্টা হলে এবং সরকার তা প্রশ্রয় দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সরকারই।

তিনি বলেন, আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার বিষয়টি সরকারও ভাবছে। এনসিপি মনে করে, এটিই সঠিক পথ। শেখ হাসিনার রায় হয়ে গেছে, এখন তা কার্যকর করতে হবে। তিনি দেশে ফিরলে শুধু ফাঁসির রায় কার্যকরের জন্যই ফিরবেন।

নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনা নিজের দলের নেতা-কর্মীদের ত্যাগ করে দিল্লিতে চলে গেছেন। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি দিল্লির নিয়ন্ত্রিত একটি দল। শেখ হাসিনার বক্তব্য ও সিদ্ধান্তও দিল্লির অনুমতি অনুযায়ী হয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, কীভাবে ফিরবেন এবং বিচার কার্যকর হবে কি না, এসব বিষয় মূলত ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত