চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। গতকাল শুক্রবার তিনি চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ ও নগদ আর্থিক সহায়তা দেন।

পরিদর্শনকালে জামায়াত আমির বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

বন্যাদুর্গত এলাকা সফরের উদ্দেশে গতকাল সকাল ৮টায় ঢাকা থেকে বিমানযোগে ডা. শফিকুর রহমান চট্টগ্রাম পৌঁছেন। পরে বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি বাঁশখালীর গুনাগরি এলাকায় যান এবং সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও ত্রাণ বিতরণ করেন। সেখান থেকে সাতকানিয়ার এওচিয়ায় যান এবং দুর্গত এলাকা পরিদর্শন করেন। পরে তিনি কুইন্স প্যালেস কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় ডা. শফিকুর রহমান দুর্যোগে নিহতদের পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে অনুদান ও ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, জনগণের সমস্যাগুলো সরকারের নজরে আনা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করছি। একই সঙ্গে আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, এ বিষয়ে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। তিনি বলেন, আমরা জানি প্রজেক্টটা অনেক বড়, সময় লাগবে। কিন্তু আন্তরিকভাবে এ কাজের শুরু হোক জনগণ এটা দেখতে চায়।

বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে জামায়াত আমীরের  সঙ্গে ছিলেনদলের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জনাব আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপিসহ মহানগরী ও স্থানীয় নেতাকর্মীরা।