রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় তিনতলা একটি ভবন হেলে গিয়ে বারান্দার কিছু অংশ ধসে পড়েছে। এতে ভবনে থাকা বাসিন্দা ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল শুক্রবার সকালে বিকট শব্দে পুরনো এই ভবনের কিছু অংশ ভেঙে পড়ে। আতঙ্কিত হয়ে ভবনের বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। পরে তারা দেখতে পান ভবনটি একদিকে কিছুটা হেলে পড়েছে।
স্থানীয়রা জানান, প্রায় ৬০ বছরের পুরনো এ ভবনটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনটির নিচতলায় চারটি ও তিনতলায় চারটি পরিবার থাকে। ভবন মালিক থাকেন দোতলায়। শুক্রবার সকালে বিকট শব্দে তিনতলা ভবনটির একাংশ ধসে পড়ে এবং পুরো ভবনটি একদিকে হেলে যায়। ভবনের ভেতরে থাকা পরিবারের সদস্যরা আতঙ্কে হুড়োহুড়ি করে রাস্তায় বেরিয়ে আসেন। এ ঘটনায় বিকেলে মোহাম্মদপুর থানা পুলিশ একবার এসে দেখে চলে গেছে। তবে সন্ধ্যা পর্যন্ত রাজউক বা সিটি করপোরেশনের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে আসেননি।
স্থানীয় বাসিন্দা ইউসুফ জানান, ভবনটি প্রায় ৬০ থেকে ৭০ বছরের পুরনো। এটিকে রাজউকসহ অন্য সংস্থা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল। এরপরও বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা এখানে অবস্থান করছেন। ভাড়াটিয়ারা বারবার বাড়ির মালিককে সতর্ক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু বাড়িওয়ালা এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন।