সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. জিহাদ মজুমদার (২৫) নামের এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে সৌদির জেদ্দা শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ মজুমদার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকার মৃত ইসহাক মজুমদারের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রায় দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমান জিহাদ। সেখানে তিনি একটি সংস্থায় কর্মরত ছিলেন। আজ সকালে জেদ্দার একটি সড়কে দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দেশের বাড়িতে তার মৃত্যুর খবর পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে বুকফাটা আর্তনাদ শুরু হয়। পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দারা জানান, ছেলেটি অত্যন্ত পরিশ্রমী ও নম্র স্বভাবের ছিল। পরিবারের হাল ধরতে প্রবাসে গিয়ে এভাবে অকালে চলে যাওয়াটা অত্যন্ত বেদনাদায়ক।

নিহতের পরিবারের সদস্যরা জানান, জিহাদের আকস্মিক মৃত্যুতে তারা দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত সময়ের মধ্যে তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কুমিল্লা জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন তারা।