বংশালে সিলিন্ডার বিস্ফোরণে দোকান মালিক নিহত

রাজধানীর বংশালে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন তার খালাতো ভাই নাজমুল হোসেন (৩৩)। গতকাল শুক্রবার সকালে বংশাল মুকিমবাজার শিয়াগলিতে এ ঘটনা ঘটে। দেলোয়ারের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। বাড়িটির তৃতীয় তলায় ভাড়া থাকতেন তিনি।

নিহত দেলোয়ার ও দগ্ধ নাজমুলকে হাসপাতালে নিয়ে আসেন তুষার ইসলাম রিফাত। তিনি জানান, মুকিম বাজার মসজিদের পাশে বাইক পার্ক সেন্টার নামে একটি মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে দেলোয়ারের। সেই দোকানেরই কর্মচারী দগ্ধ নাজমুল। তিনিও (রিফাত) সেখানে কাজ করেন। বাড়িটির নিচতলায়ও দেলোয়ারের ব্যবসায়িক মালামাল রাখার গোডাউন রয়েছে। ভোরে বাসার নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেই শব্দ পেয়ে তিনতলা বাসা থেকে দেলোয়ার এবং তার খালাতো ভাই নাজমুল নিচে নেমে আসেন, কী বিস্ফোরণ হয়েছে সেটা দেখতে। তখন আরও একবার বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে গেলে সেখানে আটকে পড়েন দুজন। নাজমুলকে লোকজন বের করতে পারলেও ভেতরে আটকা পড়েন দেলোয়ার। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিভিয়ে সেখান থেকে দেলোয়ারের লাশ উদ্ধার করেন।