হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯০১ এবং হাম শনাক্ত হয়েছে ১২৮ জনের। নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ২৯ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৭৫০ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। বাকি ৬৫৭ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১০ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ শিশু। নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৩ হাজার ৩২৮। হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৮৩১ শিশু। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৯ হাজার ২৩৪ শিশু।  স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগে একজন করে শিশু মারা গেছে। আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০৮ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৮৪ শিশুর।