গুলিস্তান পার্কে শিশুকে যৌন নির্যাতন যুবক আটক

রাজধানীর গুলিস্তান মতিউর রহমান পার্কে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত রিয়াদ গাজী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। 

পল্টন থানার এসআই তুষার দেবনাথ জানান, শিশুটির পরিবার গুলিস্তান এলাকায় থাকে। তার বাবা পানি এবং মা কলম বিক্রি করেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পার্কের পাশের রাস্তা পার হওয়ার সময় মা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় শিশুটি। এরপর বাবা-মা শিশুটিকে খোঁজাখুঁজি করতে থাকেন। সকাল সাড়ে ৭টার দিকে থানায় খবর আসে, এক যুবককে গণধোলাই দিয়ে স্থানীয়রা গুলিস্তান আহাদ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে। পরে ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শুক্রবার ভোরে পার্কের উত্তর পাশের বটগাছের নিচে রিয়াদ গাজী শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছিল। তখন স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দেয়। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। রিয়াদের বাড়ি চাঁদপুর সদরে।