টাঙ্গাইলে ‘অ্যান্ড অ্যাওয়ে’ লিগ পদ্ধতিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দীর্ঘদিন পর শুরু হচ্ছে। আজ শনিবার বিকাল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে আবার শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জেলা প্রশাসক গোল্ডকাপ। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ১২টি উপজেলার ফুটবল দল। টুর্নামেন্টের মান সর্বোচ্চ পর্যায়ে রাখতে প্রতিটি দলে অতিথি খেলোয়াড় হিসেবে পাঁচজন করে বিদেশি ফুটবলার খেলার সুযোগ রাখা হয়েছে।
টাঙ্গাইল স্টেডিয়ামে আয়োজিত হোম অ্যাওয়ে পদ্ধতির প্রথম লেগে শনিবার বিকাল ৩টায় উদ্বোধনী দিনে টাঙ্গাইল সদর বনাম বাসাইল উপজেলা মুখোমুখি হবে। একই দিন মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ মাঠে মধুপুর উপজেলা বনাম ঘাটাইল উপজেলা, গোপালপুর সুতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ধনবাড়ী বনাম গোপালপুর উপজেলা, ভূঞাপুর ইব্রাহিম খাঁ সরকারি কলেজ মাঠে কালিহাতী বনাম ভূঞাপুর উপজেলা, নাগরপুর সরকারি কলেজ মাঠে দেলদুয়ার বনাম নাগরপুর উপজেলা এবং সখীপুর উপজেলা পরিষদ খেলার মাঠে মির্জাপুর বনাম সখীপুর উপজেলা মুখোমুখি হবে।
একই পদ্ধতির দ্বিতীয় লেগে সোমবার ঘাটাইল জিবিজি কলেজ মাঠে ঘাটাইল বনাম মধুপুর উপজেলা, ধনবাড়ী সরকারি কলেজ মাঠে গোপালপুর বনাম ধনবাড়ী উপজেলা, কালিহাতী আরএস সরকারি পাইলট মডেল কলেজ মাঠে ভূঞাপুর বনাম কালিহাতী উপজেলা, বাসাইল উপজেলা মাঠে টাঙ্গাইল সদর বনাম বাসাইল উপজেলা, দেলদুয়ার উপজেলা স্টেডিয়ামে নাগরপুর বনাম দেলদুয়ার উপজেলা এবং মির্জাপুর মিনি স্টেডিয়ামে সখীপুর বনাম মির্জাপুর উপজেলা মুখোমুখি হবে।
টাঙ্গাইল স্টেডিয়ামে ১৯ জুলাই থেকে ১৫ জুলাই সুপার সিক্স পর্ব, একই মাঠে ২৮ ও ২৯ জুলাই সেমিফাইনাল এবং ১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।