খাবার অর্ডার করার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর ফিচার নিয়ে কাজ করছে গুগল। গুগল ম্যাপসের নতুন অ্যান্ড্রয়েড সংস্করণের কোডে ‘Maps Food Ordering Promo’ নামে একটি অপশনের সন্ধান মিলেছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি গুগল।
ফিচারটি চালু হলে গুগল ম্যাপস ব্যবহারকারীর আগের খাবার অর্ডারের ইতিহাস বিশ্লেষণ করে পছন্দের রেস্তোরাঁ ও খাবারের পরামর্শ দিতে পারবে। নিয়মিত যেসব রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করা হয়, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত অর্ডার করার সুযোগও মিলতে পারে। অ্যাপ পরিবর্তন না করেই খাবার নির্বাচন ও অর্ডারের প্রক্রিয়া আরও সহজ হবে।
তবে পেমেন্টের ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই। গুগলের এআই নিজে থেকে কোনো অর্থ পরিশোধ করবে না। অর্ডার চূড়ান্ত করার আগে ব্যবহারকারীর অনুমোদন বাধ্যতামূলক থাকবে। নতুন সুবিধার পাশাপাশি গোপনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। ব্যবহারকারীর খাবারের পছন্দ, অর্ডারের অভ্যাস ও ব্যয়ের তথ্য গুগলের কাছে সংরক্ষিত হলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। পাশাপাশি বিজ্ঞাপন বা বাণিজ্যিক অংশীদারত্বের ভিত্তিতে কোনো রেস্তোরাঁকে বেশি গুরুত্ব দেওয়া হবে কি না, সে প্রশ্নও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ফিচারটি ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হতে পারে। তবে এটি চালু হলে গুগল অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়াও সমান গুরুত্বপূর্ণ হবে।