লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে চলমান উইম্বলডন টেনিস টুর্নামেন্টের নারী এককের সেমিফাইনাল ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেন্ট্রাল কোর্টের রয়্যাল বক্সে বসে ম্যাচ উপভোগের পাশাপাশি এক রোমান্টিক কা- ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন এই অভিনেত্রী। খেলা চলাকালীন হুট করেই ফোন বের করে সুদূর যুক্তরাষ্ট্রে থাকা স্বামী নিক জোনাসকে ফেসটাইমে ভিডিও কল দেন প্রিয়াঙ্কা। ভিডিও কলের মাধ্যমে নিককে উইম্বলডনের লাইভ ম্যাচ ও গ্যালারির আবহ দেখান তিনি, যা মুহূর্তেই নেটিজেনদের মন জয় করেছে। ঐতিহ্যবাহী বেইজ রঙের গ্রীষ্মকালীন পোশাক ও মাথায় স্কার্ফ জড়িয়ে বরাবরের মতোই স্টাইলিশ লুকে হাজির হন প্রিয়াঙ্কা। গ্যালারিতে হলিউড অভিনেত্রী সিনথিয়া এরিভো, লিলি জেমসের মতো তারকাদের পাশে বসে প্রতিটি শটে প্রিয়াঙ্কার উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ছিল দেখার মতো। এর আগে ২০২৩ সালেও নিক জোনাসকে সঙ্গে নিয়ে উইম্বলডন মাতিয়েছিলেন তিনি।
প্রিয়াঙ্কা শিগগিরই ভারতীয় সিনেমায় ফিরছেন। বিগ বাজেটের নতুন সিনেমা ‘বারাণসী’তে ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করছেন। ২০২৭ সালের ৭ এপ্রিল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া আরেকটি হলিউড প্রজেক্টের কাজও পাইপলাইনে রয়েছে।