টেকনাফে ইয়াবাসহ সিএনজি চালক আটক

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা বোঝাই সিএনজিসহ মাদক কারবারী চালককে আটক করা হয়েছে।

র‍্যাব সুত্রে জানা যায়, গত ১০ জুলাই বিকাল পৌনে ৬টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বরইতলীস্থ র‌্যাব ক্যাম্পের সামনের পাকা রাস্তার উপর ১টি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। তখন জাদিমুরা বাজারের দিক থেকে আসা ১টি সিএনজি অটোরিকশাকে সন্দেহ হলে তা থামিয়ে তল্লাসি চালানো হয়। তল্লাসিতে সিএনজি অটোরিকশার নিচে বাম পাশের চাকার পাশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো প্যাকেট থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

পরে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয় এবং চালক মো. মোবারক (১৯) কে আটক করা হয়। মো. মোবারক হ্নীলা ইউনিয়নের জাদিমুরা জিনজিরা পাড়ার সৈয়দ আলীর ছেলে। 

‎কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) অফিসার সহকারী পুলিশ সুপার আ . ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।