হাঁটার বার্তা নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ার পথে ফাহিম

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম

পরিবেশ রক্ষা, সুস্থ জীবনযাপন ও হাঁটার অভ্যাস গড়ে তোলার বার্তা নিয়ে দেশের সর্বদক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফ থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন টেকনাফের তরুণ পরিবেশপ্রেমী ফাহিম মুনতাসির। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ জিরো পয়েন্ট থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন তিনি। প্রায় ১ হাজার ২০ কিলোমিটার দীর্ঘ এ পথ তিনি ২০ দিনের মধ্যে অতিক্রম করার লক্ষ্য নিয়েছেন। 

পরিকল্পনা অনুযায়ী, ফাহিম মুনতাসির প্রতিদিন গড়ে ৬০ কিলোমিটার হাঁটবেন। প্রতি ঘণ্টায় প্রায় ৫ কিলোমিটার এবং প্রতি কিলোমিটার পথ ১২ মিনিটে অতিক্রম করবেন তিনি।

ফাহিম মুনতাসির ব্রাহ্মণবাড়িয়ার মো. মফিজ মিয়া ও মাহমুদা আক্তার চৌধুরীর বড় ছেলে। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে শিক্ষকতা পেশায় কর্মরত রয়েছেন।

ফাহিম জানান, এই পদযাত্রার উদ্দেশ্য কোনো রেকর্ড গড়া বা ব্যক্তিগত প্রচারণা নয়। মানুষের মধ্যে নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তোলা, অপ্রয়োজনীয় ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জীবনধারায় উদ্বুদ্ধ করাই তার মূল লক্ষ্য।

তিনি জানান, আধুনিক জীবনযাত্রায় মানুষ ধীরে ধীরে হাঁটার অভ্যাস হারিয়ে ফেলছে। ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানা অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। নিয়মিত হাঁটা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জীবাশ্ম জ্বালানিনির্ভর যানবাহনের অতিরিক্ত ব্যবহার পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। তাই ছোট দূরত্বে হাঁটা এবং প্রয়োজন অনুযায়ী গণপরিবহন ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান। 

পদযাত্রাকালে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন স্থানে বীজ বপন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন বলে জানান তিনি।

এই দীর্ঘ পদযাত্রায় তার সঙ্গে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রণব দেবনাথ ও ফাইয়াজ ফারসিদ মুবিন। তিনজনই ব্যক্তিগত অর্থায়নে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এ পরিবেশ সচেতনতামূলক পদযাত্রা সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত