কবি আল মাহমুদের ৯১তম জন্মদিন আজ

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১১ জুলাই এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল এলাকায় জন্মগ্রহণ তিনি।

আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। বহুমাত্রিক কাব্যভাষা, লোকজ ঐতিহ্য ও গ্রামীণ জীবনচিত্রের অনন্য শিল্পরূপের মাধ্যমে কবি বাংলা কবিতায় নিজস্ব ধারা নির্মাণ করে গেছেন।

ষাটের দশকে ‘লোক লোকান্তর’ ও ‘কালের কলস’ কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি বাংলা কবিতায় স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। ১৯৭৩ সালে প্রকাশিত ‘সোনালী কাবিন’ তাকে বাংলা সাহিত্যের প্রথম সারির কবিদের কাতারে  নিয়ে আসে। ভাটি বাংলার নদী, চরাঞ্চলের জীবন, গ্রামীণ প্রেম-বিরহ, লোকজ সংস্কৃতি এবং আঞ্চলিক ভাষার সৃজনশীল ব্যবহারে তার কবিতা স্বতন্ত্র শিল্পরূপ লাভ করে।

কবি হিসেবে খ্যাতির পাশাপাশি তিনি শিশুসাহিত্যিক ও সাংবাদিক হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে পানকৌড়ির রক্ত, কবি ও কোলাহল এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কাবিলের বোন।

বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আল মাহমুদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত হন।

২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫ মিনিটে ৮২ বছর বয়সে কবি ঢাকায় মারা যান। তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।