বিভাগীয় সমাবেশে যোগ দিতে রংপুরে জামায়াত আমির

১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে যোগ দিতে শনিবার (১১ জুলাই) রংপুরে পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, নীলফামারী জেলা আমীর এবিএম আব্দুস সাত্তার এমপি, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়েদুল্লাহ সালাফি এমপি এবং নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মোনতাকিম এমপি।

পরে রংপুর সার্কিট হাউসে পৌঁছালে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে অভ্যর্থনা জানান। এ সময় জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে ডা. শফিকুর রহমানকে বরণ করে নেন।

সার্কিট হাউসে অবস্থানকালে তিনি কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ সিরাজুল হকের বড় মেয়ে ও নাতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং নাতিদের স্নেহ করেন।

এ ছাড়া সার্কিট হাউসে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে গার্ড অব অনার প্রদান করা হয়।

উল্লেখ্য, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।