গোয়ালঘরের ছাদে গাঁজা গাছ লাগিয়ে ধরা মাদক কারবারি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে গোয়ালঘরের ছাদে গাঁজা গাছ চাষের অভিযোগে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার নয়ানগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পাঁচটি গাঁজা গাছ জব্দ করা হয়।

গ্রেপ্তার শ্রীরাম প্রসাদ বাড়ই (৪২) ওই গ্রামের মৃত সন্তোষ বাড়ইয়ের ছেলে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, গোপন খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোয়ালঘরের ছাদে চাষ করা পাঁচটি গাঁজা গাছ জব্দ করে এবং শ্রীরাম প্রসাদ বাড়ইকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।