রাজধানীতে ছুরিকাঘাতে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী খুন

রাজধানীর বনানীতে পরকীয়া প্রেমিকার ছুরিকাঘাতে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মামুন মিয়া (৩০) খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বিউটি আক্তার নামে ওই তরুণীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে বনানী থানাধীন মহাখালী টিভি গেট এলাকার একটি বাড়ির ৩য় তলায় এ ঘটনা ঘটে। 

গুরুতর অবস্থায় বাড়ির মালিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়ে।

বাড়ির মালিক সুমন জানান, শনিবার দুপুরে বাড়ির ৩য় তলায় চিৎকার শুনতে পেয়ে গিয়ে দেখেন যে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই যুবক। তার পেটে দুটি ছুরিকাঘাত ও পুরুষাঙ্গ কাটা। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে বিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মামুনের চাচা মুকছেদ আলী ভুইয়া। তিনি জানান, মোবাইল ফোনে জানতে পারেন, মামুন ঢাকা মেডিকেলে আছেন। এরপর তিনি হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পান। তবে কী ঘটনা ঘটেছে, তা কিছুই জানাতে পারেননি তিনি। তাদের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামে। মামুনের বাবার নাম বাবুল হোসেন। মামুনের স্ত্রী শাহিনা আক্তার ৭ মাসের অন্তঃসত্ত্বা। তিনি গ্রামে থাকেন। চলতি মাসের এক তারিখে মামুন উপসহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা রেলওয়েতে চাকরিতে যোগ দেন। ঢাকায় থাকতেন তিনি।