কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন,বিএনপি চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়। এতদিন একদল যেভাবে খেয়েছে এখন সেই ভাবে খেতে চায় বিএনপি।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর কলেজ মাঠে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতলব উত্তর উপজেলা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় তিনি আরও বলেন, দেশকে তরুণরাই এগিয়ে নিয়ে যেতে পারবে। দেশের প্রতি মুরুব্বিদের অনেক দায়িত্ব রয়েছে কিন্তু মুরুব্বীদের অনেক পিছুটান থাকায় তারা অনেক সময় অনেক কিছু করতে পারে না। আপনারা ২৪এর আন্দোলন দেখেছেন তরুণরা কিভাবে নিজেদের রক্ত বিলিয়ে দিয়েছেন। তাই আমরা চাই সকলে মিলে মিশে দেশটাকে এগিয়ে নিতে। আমরা চাই সামনে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান মেম্বার মেয়র পদে তরুণরা প্রতিদ্বন্দ্বিতা করুক।
দেশের রাজনীতির প্রেক্ষাপটের সমালোচনা করে হাসনাত বলেন, দেশের রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। মাদক সম্রাটদের বিরুদ্ধে অনেক রাজনীতিবিদ কার্যকর পদক্ষেপ নেন না। একইভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ও তারা নীরব থাকেন।
মতলব উত্তর এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে চাঁদপুর জেলা এনসিপির সদস্য সচিব আমানুল্লা পাটওয়ারী ও ইদ্রিস আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন,যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব, জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বক্কর মজুমদার ও মহিউদ্দিন রনি। কুমিল্লা বিভাগের যুগ্ম সদস্য সচিব মাহাবুব আলম, জাতীয় যুব শক্তির সভাপতি তরিকুল ইসলাম,চাঁদপুর জেলা এনসিপির সভাপতি মাহবুব আলম, মতলব উত্তর উপজেলা এনসিপির সদস্য সচিব ইমাদুল ইসলাম।