ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের এক দিন পর ঘরের পেছনের পানিভর্তি গর্তে ভেসে উঠেছে ৩ বছর বয়সী শিশু ইমরান হাসানের মরদেহ।
শনিবার (১১ জুলাই) আনুমানিক সকাল ৭টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের হাশের আলগী গ্রামের ওই শিশুটির ঘরের পেছনের পানিভর্তি গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। নিহত শিশু ইমরান হাসান ওই গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ ও শিরিন আক্তার দম্পতির ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার আনুমানিক বিকেল ৩টার দিকে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশু ইমরান হাসান। বাড়ির আশপাশে ও সম্ভাব্য সব জায়গায় খুঁজেও না পেয়ে ইমরানের সন্ধান পেতে এলাকায় মাইকিং করে তার পরিবার। তবুও হদিস মেলেনি তার। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির লোকজন ইমরানের মরদেহ ঘরের পেছনে পানিভর্তি একটি গর্তে ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করে।
এ সময় পরিবারের সদস্যরা এসে গর্ত থেকে ইমরানের মরদেহ তুলে বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরে বেলা সাড়ে ১১টার দিকে শিশু ইমরানের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘শিশু পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় আমাদের কেউ অবগত করেনি।’