বাড়ি ফেরার পথে উধাও রফিকুল, ২৫ দিনেও নেই খোঁজ

‘সেই যে গেল, আর ফিরল না’—সন্তানের সামনে স্বামীর ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন এক নিরূপায় স্ত্রী; শত সন্ধানের পর ও মেলেনি কোনো কূলকিনারা!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের দেবস্থান গ্রামের কৃষিশ্রমিক মো. রফিকুল ইসলাম (৫০) ২৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। কাজ শেষে বাড়ি ফেরার কথা বলে বের হওয়ার পর থেকেই তাঁর কোনো সন্ধান পাচ্ছেন না স্বজনেরা।

পরিবার সূত্রে জানা যায়, মৃত সবদর আলীর ছেলে রফিকুল ইসলাম কৃষিকাজের জন্য নরসিংদীর মাধবদী উপজেলার পাটুয়া গ্রামে গিয়েছিলেন। গত ৭ আগস্ট বিকেলে সহকর্মী বকুলের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার আগে স্ত্রী আসমা খাতুনের সঙ্গে তাঁর ফোনে শেষ কথা হয়। এরপর থেকেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

স্বজনদের ধারণা, ভৈরব সড়ক হয়ে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। দীর্ঘ অনুসন্ধানের পর গত ১৩ আগস্ট নরসিংদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬৮৩) করা হয়। তবে নরসিংদী, ভৈরব ও টঙ্গীসহ বিভিন্ন হাসপাতালে খুঁজেও তাঁর কোনো হদিস মেলেনি।

নিখোঁজের পেছনে জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধকে দায়ী করছে রফিকুলের পরিবার। স্ত্রী আসমা খাতুনের অভিযোগ, রফিকুলের নামে সাফকাওলা দলিল থাকা সত্ত্বেও প্রায় সাড়ে সাত শতক জমি প্রতিবেশী হেলাল উদ্দিন জোরপূর্বক দখল করে রেখেছেন। এ নিয়ে পূর্বে একাধিকবার রফিকুলকে মারধর ও হুমকি দেওয়া হয়েছিল।

কান্নাজড়িত কণ্ঠে আসমা খাতুন বলেন, ‘আমার স্বামী দিনমজুর মানুষ, কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা নেই। জমির বিরোধের কারণেই আজ আমরা আতঙ্কের মধ্যে আছি। আমি আমার স্বামীকে জীবিত ফিরে পেতে চাই।’ রফিকুলের ২৮ বছর বয়সী মেয়ে মোসা. অনন্ত খাতুনও সন্দেহভাজনদের বিষয়ে তদন্ত করে বাবাকে দ্রুত খুঁজে বের করার দাবি জানান।

উচ্চতায় প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি ও শ্যামলা রঙের রফিকুল ইসলামের পরনে নিখোঁজের সময় সাদা শার্ট ছিল। তাঁর সঙ্গে মোবাইল ফোন, টাকা ও একটি ব্যাগ ছিল।

এদিকে জমি সংক্রান্ত বিরোধের কথা স্বীকার করলেও নিখোঁজের বিষয়টি অস্বীকার করেছেন প্রতিপক্ষ হেলাল উদ্দিনের স্ত্রী নাজমা খাতুন। তিনি দাবি করেন, তাঁদের হেনস্তা করতেই রফিকুলের পরিবার এটি সাজানো নাটক হিসেবে উপস্থাপন করতে পারে।

জিডির বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ও মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. বাকের হাওলাদার জানান, নিখোঁজ রফিকুল ইসলামকে উদ্ধারে প্রযুক্তিগত ও আইনগত সব ধরনের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত