বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ানোর পর, দলটির অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা এক অনন্য সম্মানে ভূষিত হলেন। ক্যারিবীয় অঞ্চলে আবিষ্কৃত সামুদ্রিক স্লাগের (এক ধরনের সামুদ্রিক শামুক) একটি নতুন প্রজাতির নাম রাখা হয়েছে এই ফুটবলারের নামানুসারে।
স্প্যানিশ জীববিজ্ঞানী জেসুস ওর্তেয়া ক্যারিবীয় সাগরে এই ক্ষুদ্র লাল রঙের মলাস্কটি আবিষ্কার করেন। ৪০ বছর বয়সী এই কেপ ভার্দিয়ান তারকার স্মরণীয় বিশ্বকাপ অভিযানকে সম্মান জানাতেই তিনি এই সিদ্ধান্ত নেন। প্রাণীটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে 'আলদিসা ভোজিনহা’।
এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ ছিল কেপ ভার্দে। গ্রুপ পর্বের বৈতরণী পার করে শেষ ৩২-এর লড়াইয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে তারা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর ম্যাচে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি।
তবে এর আগে, গ্রুপ পর্বে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ পয়েন্ট পাওয়ার পেছনে ভোজিনহার ভূমিকা ছিল অতিমানবীয়। স্পেনের বিরুদ্ধে এক ম্যাচে তিনি একাই ৭টি দুর্দান্ত সেভ করে নিজের জাল অক্ষত রাখেন।
৭৫ বছর বয়সী বিজ্ঞানী ওর্তেয়া তার আবিষ্কারের প্রতিবেদনে উল্লেখ করেন, তিনি ভোজিনহার সেই "অনবদ্য ভূমিকা"-কে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন। মজার বিষয় হলো, ম্যাচটি ছিল স্পেনের বিরুদ্ধে, যাদের ডাকনাম ‘লা রোহা’ (লাল দল)। ওর্তেয়া বলেন, "আবিষ্কৃত এই প্রজাতির উজ্জ্বল লাল রঙ মূলত ভোজিনহার সেই ঐতিহাসিক কীর্তিরই এক স্মারক।"
স্পেনের বিরুদ্ধে সেই ম্যাচের পর ভোজিনহার জনপ্রিয়তা রাতারাতি আকাশচুম্বী হয়ে যায়। তার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা মাত্র ৫০ হাজার থেকে লাফিয়ে ১৭.৪ মিলিয়নে পৌঁছায়, যা এনএফএল কিংবদন্তি টম ব্রেডির মতো বিশ্বখ্যাত অ্যাথলেটের চেয়েও বেশি।
ইউনিভার্সিটি অব ওভিয়েদোর ইমেরিটাস অধ্যাপক ওর্তেয়া কেপ ভার্দের জলসীমায় তার গবেষণার জন্য ২০২৩ সালে দেশটির সরকারের কাছ থেকে ‘মেডেল অব মেরিট’ বা বিশেষ সম্মাননা পদক লাভ করেছিলেন। ফুটবলপ্রেমী এই বিজ্ঞানীর জন্য খেলাধুলা ও বিজ্ঞানকে এক সুতোয় বাঁধার ঘটনা অবশ্য এটিই প্রথম নয়।
এর আগে তিনি কোস্টারিকায় আবিষ্কৃত একটি সামুদ্রিক প্রাণীর নাম রেখেছিলেন রিয়াল মাদ্রিদ ও পিএসজির সাবেক কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসের নামে। এছাড়া স্প্যানিশ ক্লাব স্পোর্টিং গিজনের সাবেক স্ট্রাইকার কুইনির ক্লাবের জার্সির রঙের সাথে মিল থাকা আরেকটি ক্ষুদ্র প্রাণীর নামকরণও তিনি করেছিলেন সেই ফুটবলারের নামানুসারে।