দাঁতের কালো দাগ

ডা. মো. আসাফুজ্জোহা রাজ

রাজ ডেন্টাল সেন্টার , কলাবাগান

ডেন্টাল প্লাক বলতে দাঁতের আশপাশে এবং মধ্যে জমা হওয়া নরম ও আঠালো পদার্থকে বোঝায়। এটা দাঁত ক্ষয়ে যাওয়া এবং মাড়ির সমস্যার অন্যতম কারণ। দাঁতের সাদা রঙের সঙ্গে মিলে যায়। কিন্তু যদি এটা একবার দাগযুক্ত এবং হলদেটে হতে শুরু করে তখন দেখতে পাওয়া যায়।

কারণ ও লক্ষণ : প্লাক হলো আঠালো সাদা জিনিস যা খুব সহজে দেখা যায় না। কিন্তু  অনেকক্ষণ দাঁত না মেজে থাকলে দেখা যেতে পারে। দাঁত মাজার সময় মাড়ির কাছে সাদা আঠার মতো জিনিস বেরিয়ে আসে। ব্যাকটেরিয়া দ্বারা মুখের মধ্যে শর্করা, সুক্রোজ, কার্বোহাইড্রেটগুলো ভেঙে গেলে প্লাক তৈরি হয়। সেগুলো জমতে থাকে এবং দাঁতে আটকে যায়। যখন কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খাওয়ার পর মুখ সঠিকভাবে পরিষ্কার করা না হয় তখন এ রকম অবস্থার সৃষ্টি হয়। মুখের মধ্যের অবশিষ্ট শর্করা, ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। কার্বোহাইড্রেটের ভাঙনের ফলে উৎপন্ন এসিড উপযাজক হিসেবে তৈরি হয় যা দাঁতের এনামেলের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে।

রোগ নির্ণয় : ডেন্টাল প্লাকের দাগ এবং এটি কোথায় জমে বোঝার জন্য একটা লাল চুইংগাম কিনে চিবালে প্লাক দেখা যায়।

চিকিৎসা : প্লাক থেকে মুক্তি পেতে প্রথমেই দাঁত ফ্লস করতে হবে। তারপর দাঁত মেজে ফেলতে হবে। যখন জমা হওয়া প্লাকের পরিমাণ কমে যায়, তখন দাঁত মাজাই বাকি প্লাক থেকে মুক্তি পেতে সাহায্য করবে। এরপরও যদি প্লাক না যায় তবে দন্ত বিশেষজ্ঞের কাছে গিয়ে স্কেলিং করে নিতে হবে। প্রতিকার হিসেবে দিনে দুবার দাঁত মাজতে হবে। দাঁত মাজতে ফ্লোরাইড-ভিত্তিক টুথপেস্ট বেছে নিন। অ্যান্টি ব্যাকটেরিয়াল মাউথওয়াশ ব্যবহার করুন। অবশিষ্ট খাবারের উপাদানগুলোকে বের করতে দাঁতের মাঝখানে ফ্লস করুন। নিয়মিত দাঁতের চেকআপ করুন। খাবারে চিনির মাত্রা কমিয়ে দিন।