দক্ষিণ গোড়ানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জনসাধারণকে সম্পৃক্ত করতে খিলগাঁও দক্ষিণ গোড়ানে শুরু হয়েছে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’। গতকাল শনিবার সকালে ‘সমন্বিত সচেতন সমাজ’-এর সম্মিলিত উদ্যোগে দক্ষিণ গোড়ানের ভূঁইয়া ঝিল খেলার মাঠে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি বা সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, এজন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি এবং আঙিনা পরিষ্কার রাখতে হবে, যাতে কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকে।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে জনসচেতনতামূলক একটি র‌্যালি খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশপাশের এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারাসহ সাধারণ মানুষ অংশ নেন। এ সময় স্থানীয় নেতারা ও স্বেচ্ছাসেবকরা জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত লিফলেট বিতরণ করেন। এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (অঞ্চল-০২) ২ নম্বর ওয়ার্ডের মশক নিয়ন্ত্রণ পরিদর্শকের নেওয়া বিশেষ কর্মসূচির অংশ হিসেবে মশক বিভাগ থেকে ১৮ জন সভাস্থলে লার্ভা নিধন ও এডিস মশা নিধন কার্যক্রমে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি