হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কিশোরগঞ্জে হাওরে ভ্রমণে এসে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার বিকেলে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার হাওরে এ ঘটনা ঘটে। নিখোঁজ তুলু গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের বাসিন্দা এবং হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২০ থেকে ২৫ জনের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। তারা ইঞ্জিনচালিত নৌকায় করে হাওরের বিভিন্ন এলাকা ঘুরে দেখছিলেন। একপর্যায়ে দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় শফিকুল ইসলামসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর শফিকুল ইসলাম পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্যরা দ্রুত তাকে খুঁজে বের করার চেষ্টা করলেও কোনো সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় পর্যাপ্ত আলোর অভাবে শুক্রবারের উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়। নিকলী থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এখনো তার সন্ধান মিলেনি।