যানবাহনের গতি নিয়ন্ত্রণ করলে সড়ক নিরাপদ হবে

যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে পারলে সড়ক পথচারীদের জন্য অনেকাংশে নিরাপদ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, পরিকল্পিত সড়ক ডিজাইনের মাধ্যমে পথচারীদের নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করা, সিগন্যাল ও জেব্রা ক্রসিংয়ের আগে রেইজড ক্রসিং (সড়ক থেকে উঁচু করে ফুটপাত সমান্তরাল পারাপার) ও গতিরোধক স্থাপনের মাধ্যমে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করা সম্ভব।

ডিএনসিসি ও আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (ডব্লিউআরআই) উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর গুলশানের ডিএনসিসি মিলনায়তনে কর্মশালাটির উদ্বোধন করা হয়।

শফিকুল ইসলাম খান বলেন, সড়ক নিরাপত্তাসহ শহরের সমন্বিত উন্নয়নে প্রধানমন্ত্রী খুবই ইতিবাচক। সড়ক নিরাপত্তায় ডিএনসিসি ও ব্লুøমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) এর আওতায় ঢাকায় চলমান কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবগত করা হবে। সড়ক নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে ।

বিআইজিআরএস বাংলাদেশ সমন্বয়কারী ও সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে ‘ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি’ (বিআইজিআরএস) এর আওতায় দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, পিএসসি এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম প্রমুখ।