কলেজছাত্রীর মরদেহ উদ্ধার স্বামী গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় তার স্বামী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। মারিয়া লালমাটিয়া মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত শুক্রবার রাতে দক্ষিণ গোড়ান এলাকার একটি বাসা থেকে মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল শনিবার ভোরে তার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ গতকাল শনিবার জানান, দক্ষিণ গোড়ানের হাজি মসজিদের সামনে একটি বাসায় স্বামী-স্ত্রী ভাড়া থাকতেন। শুক্রবার সন্ধ্যার পর মারিয়ার পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সাইফুলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন।

মারিয়ার ভাই চান মিয়া জানান, বাসায় গিয়ে তারা রান্নাঘরের পাশের বারান্দায় মারিয়াকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় তার গলায় দাগ ছিল। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারিয়া নারায়ণগঞ্জের আড়াইহাজারের হাতকান্দা নয়াপাড়া গ্রামে মো. মহসিনের মেয়ে। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়। এরপর থেকে স্বামীর সঙ্গে থাকতেন। মারিয়া কলেজে পড়াশোনার পাশাপাশি টিউশনি করতেন।

উপকমিশনার হারুন অর রশিদ জানান, ঘটনায় রাতেই নিহতের ভাই চান মিয়া খিলগাঁও থানায় মামলা করেছেন। পরে সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকা-ে জড়িতের কথা স্বীকার করেছেন।