টানা বৃষ্টির কারণে রাজধানী ঢাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গত ২৪ ঘণ্টায় নগরীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল থেকেও এই বৃষ্টির ধারা অব্যাহত থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপের কারণে বাসে উঠতে রীতিমতো হুড়োহুড়ি করতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেককেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে না পেরে বৃষ্টিতে ভিজে গন্তব্যে রওনা হতে দেখা গেছে।
রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, আগারগাঁও ও শাহবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি চলছে। প্রতিটি বাস স্টপেজে যাত্রীদের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। গণপরিবহনগুলোতে আসন ফাঁকা থাকা তো দূরের কথা, দাঁড়িয়ে যাওয়ার জায়গাটুকু পাওয়ার জন্যও লড়াই করতে হচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।
যানবাহনের গতি ধীর হওয়ায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে কর্মস্থল কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে সাধারণ মানুষের স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুধু ঢাকা নয়, সারা দেশেই এই বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে চলমান এই বৃষ্টিজনিত ভোগান্তি আজ দিনভর বজায় থাকার আশঙ্কা রয়েছে।