গুজরাটের বিখ্যাত গিরনার পাহাড়ে পরিবারের সাথে ওঠার সময় এক সিংহের আক্রমণে এক শিশুর (১১) মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) ভোরে শত শত ভক্তের চোখের সামনে ওই সিংহ শিশুটিকে টেনে-হিঁচড়ে জঙ্গলে নিয়ে যায়।
এই ঘটনার পর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে গিরনার পাহাড়ের তীর্থযাত্রা স্থগিত করেছে। ওই শিশু গুজরাটের খেড়া জেলার মোদাজ গ্রামের বাসিন্দা।
বনবিভাগ জানায়, রবিবার ভোরে গিরনার তীর্থযাত্রা পথের ৫০তম ধাপের কাছে এই ঘটনা ঘটে। ওই শিশু তার পরিবারের সাথে যখন পাহাড়ে উঠছিল, তখন আকস্মিকভাবে একটি সিংহ তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কাছের ঘন জঙ্গলে টেনে নিয়ে যায়।
ঘটনার পর পরই বনকর্মী ও ট্র্যাকাররা উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে শিশুটির দেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়। যা পরবর্তীতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
নিরাপত্তার স্বার্থে বনবিভাগ অবিলম্বে ভক্তদের গিরনারের সিঁড়ি ব্যবহার করা বন্ধ করে দেয়। এরপর বনরক্ষী, ট্র্যাকার ও পশুচিকিৎসকদের দল নিয়ে চার ঘণ্টার একটি চিরুনি অভিযান চালিয়ে হামলার জন্য দায়ী সিংহটিকে ধরে ফেলে।
এছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের এলাকায় দেখা যাওয়া আরও দুটি সিংহকে ধরে জুনাগড়ের সাক্কারবাগ চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
বন কর্মকর্তারা জানান, আটক করার পর সন্দেহভাজন সিংহটি বমি করে এবং সেই বমির মধ্যে মানবদেহের খণ্ডাংশ পাওয়া গেছে। এটি শিশুটির ওপর ওই সিংহের হামলার প্রমাণকে আরও জোরালো করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে সিংহের থাবার ছাপ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে।
গুজরাটের জুনাগড়ের গিরনার পাহাড় ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান।
এখানে বিখ্যাত আম্বাজি মন্দির ও দত্তাত্রেয় মন্দিরসহ প্রাচীন হিন্দু ও জৈন ধর্মের বহু মন্দির রয়েছে। প্রতিদিন হাজার হাজার ভক্ত প্রায় ১০,০০০ সিঁড়ি বেয়ে এই পাহাড়ে ওঠেন।
কানাডায় বন্দুক হামলা, নিহত ২