বন্যাদুর্গত এলাকায় সপ্তাহব্যাপী ত্রাণ দেবে সিভাসু

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মারাত্মকভাবে প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশাপাশি গবাদিপ্রাণির সহায়তায় সপ্তাহব্যাপী ত্রাণ কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে রান্না করা খাবার, শুকনো খাবার, ওষুধ, বিশুদ্ধ পানীয়জল, গবাদিপ্রাণির খাবার এবং প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হবে। দুর্গত এলাকায় সাধারণ মানুষ ও গবাদিপ্রাণি খাদ্য, বিশুদ্ধ পানীয়জল, স্যানিটেশনসহ নানা সংকটে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন।

কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১২ জুলাই) বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় রান্না করা খাবারের প্যাকেট, ওষুধ, পানীয়জল এবং গবাদিপ্রাণির জন্য খাবার ও ওষুধসামগ্রী বিতরণ করা হবে। ত্রাণ বিতরণ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন সহযোগিতা করবে।

শনিবার দুপুরে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্মসূচি বাস্তবায়নের জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি শিক্ষক সমিতি ও অফিসার সমিতিও এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবে।

সভায় আরও বক্তব্য দেন বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. একেএম সাইফুদ্দিন এবং পিআরটিসির পরিচালক অধ্যাপক ড. একেএম হুমায়ুন কবির।

এ সময় ওয়ান হেলথ ইয়ং ভয়েস বাংলাদেশ, বাঁধন সিভাসু ইউনিট, সিভাসু ডিবেটিং সোসাইটি, রোটার্যাক্ট ক্লাব অব সিভাসু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (সিভাসু ইউনিট), ফিশবুথ ল্যাব, প্রাঙ্গণ, IAAS সিভাসু, BAO Core Team, প্রবর্তন, Hyacinth to Opportunity-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের সভাপতি, সমন্বয়ক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।