কাতারের সাবেক আমির শেখ হামাদের ইন্তেকাল 

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১২ জুলাই) দেশটির আমিরি দিওয়ান এ তথ্য নিশ্চিত করেছে। খবর: আল জাজিরা

আমিরি দিওয়ানের বিবৃতিতে বলা হয়, আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি অবিচল বিশ্বাস রেখে আমরা গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানাচ্ছি। আল্লাহ তাকে রহম করুন। ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কাতারের আধুনিক পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শেখ হামাদ বিন খলিফা আল থানি ব্যাপকভাবে প্রশংসিত।

কাতার সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তার শাসনামলে দেশটিতে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছিল।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলেই কাতার জ্বালানি সম্পদকে কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন এবং তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে রাষ্ট্রের দায়িত্ব হস্তান্তর করেন। এরপর থেকে তিনি ফাদার আমির হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে কাতারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিগগিরই তার জানাজা ও রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।