শপথের পরদিনই বন্যার্তদের পাশে এমপি সরওয়ার

দায়িত্ব গ্রহণের পরদিনই বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর। উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন তিনি। এ সময় প্রায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সরওয়ার আলমগীর মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত করেন এবং সেখানে আগত ভক্ত-মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি সুন্দরপুর ও হারুয়ালছড়ি ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরে হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রায় ৩০০টি বন্যাকবলিত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় বক্তব্যকালে নবনির্বাচিত এমপি সরওয়ার আলমগীর বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ফটিকছড়ির প্রতিটি মানুষের পাশে থাকতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। প্রয়োজনীয় সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

শপথ গ্রহণের পরদিনই বন্যাদুর্গত মানুষের পাশে সরাসরি উপস্থিত হয়ে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। অনেকেই নবনির্বাচিত সংসদ সদস্যের এই উদ্যোগকে দায়িত্বশীল ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।