চট্টগ্রামে পানিবন্দিদের পাশে জ্বালানি প্রতিমন্ত্রী

ভারি বর্ষণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রাম নগরীর চান্দগাঁও সিঅ্যান্ডবি ও মোহরা এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রবিবার (১২ জুলাই) ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে পানিবন্দি পরিবারগুলোর খোঁজখবর নেন এবং খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। ক্ষতিগ্রস্থ মানুষের কষ্ট লাঘবে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন,সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, স্বেচ্ছাসেবীরা।