নেত্রকোনা

উপদাখালি নদীর পানি বিপৎসীমার উপরে

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজনের পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দায় উপদাখালি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার পাহাড়ি সীমান্ত উপজেলা কলমাকান্দায় উপদাখালি নদীর ডাকবাংলা পয়েন্টের পানি বিপৎসীমান ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

রবিবার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণে জেলার পাঁচটি বড় নদ নদীর মধ্যে দুটি নদীর পানি বৃদ্ধি পেলেও এখনও বন্যা পরিস্থিতির কোনো শঙ্কা নেই বলে নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টির ফলে কিছুটা পানি বৃদ্ধি পেলেও বৃষ্টি কমলে নদীর পানিও স্বাভাবিক হবে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলমাকান্দার ডাকবাংলা পয়েন্টে উপদাখালি পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আটপাড়া উপজেলায় মগড়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এখনো মগড়া নদীর আটপাড়া পয়েন্ট বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত।

এছাড়া হাওর অধ্যুষিত খালিয়াজুরী উপজেলায় ধনু নদের পানি বৃদ্ধি পেলেও এখনও বিপৎসীমার ১৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর কংস নদীর জারিয়া ঝান্জাইল পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও নদীর পানি এখনও বিপৎসীমার ১৫১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যগুলো মেঘালয়ে ভারী বৃষ্টিপাত কিছুটা কমায় দুর্গাপুরে পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীর পানিও কিছুটা হ্রাস পেয়েছে। রবিবার বিকেল ৩টা পর্যন্ত সোমেশ্বরী নদীর বিজয়পুর পয়েন্টে ৩১৫ সেন্টিমিটার ও দুর্গাপুর পয়েন্টে ৩০৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনার দুর্গাপুরে পয়েন্টে ৮৩ মিলিমিটার ও জারিয়া পয়েন্টে ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টিপাত কমে আসলে নদ নদীর পানিও কমতে থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।