নেত্রকোনার মদনে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে ইজারাদারের লোকজন ও সিএনজি যাত্রীদের মারামারিতে জুলাই আন্দোলনে আহত ও চোখ হারানো আব্দুল বারেক (৮৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় টোল আদায়কারী একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নের মড়লবাড়ির সামনে কেন্দুয়া-মদন সড়কে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বারেক চাঁনগাও চকপাড়া গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে চিকিৎসা করিয়ে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন আব্দুল বারেক ও তার নাতি। সিএনজিটি কেন্দুয়া-মদন সড়কের চাঁনগাও এলাকায় পৌঁছালে পৌরসভার ইজারাদার পক্ষের টোল আদায়কারী আতিকুল ইসলাম ২০ টাকা টোল দাবি করেন। এ সময় ভাঙ্গতি টাকা না থাকার কথা জানান সিএনজি চালক। এ নিয়ে চালক ও যাত্রীদের সঙ্গে আতিকুল ইসলামের কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে আব্দুল বারেকের নাতি সিএনজি থেকে নামলে তার সঙ্গে ধাক্কাধাক্কি ও মারামারি বাঁধে। নাতিকে ফেরাতে গিয়ে আব্দুল বারেক সিএনজি থেকে নামলে তিনি কিল-ঘুষিতে আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টোল আদায়কারী আতিকুল ইসলামকে আটক করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে৷ পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
এদিকে ঘটনার পর তাৎক্ষণিক মুঠোফোনে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উপজেলা প্রশাসন এবং থানাকে দল-মত নির্বিশেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় নিজের নাতিকে খুঁজতে গিয়ে পুলিশের টিয়ারশেলে আহত হন আব্দুল বারেক। এরপর থেকে তিনি এক চোখ হারিয়ে অন্ধত্ব জীবন যাপন করছিলেন।